বৈষম্যবিরোধী আন্দোলনের ২ কর্মীকে কোপানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

নদীতে মাছ ধরার সময় সুনামগঞ্জের জগন্নাথপুরের হরিকোণা গ্রামের বৈষম্যবিরোধী আন্দোলনের দুই কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের হরিকোণা গ্রামের তায়েন মিয়া ও মিল্লাত খান গ্রামের পাশে নদীতে মাছ ধরতে যান। অভিযোগ রয়েছে, এ সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা বর্তমানে সেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলার আহ্বয়ায়ক ইমনদ্দোজা বলেন,  কেন হামলা হয়েছে তা খোঁজ নিয়ে জানার চেষ্টা চলছে। আমাকে দুই আহতের ছবি পাঠিয়েছে। তারা বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী।

তিনি আহতদের স্বজনদের বরাত দিয়ে জানান, স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা মাছ ধরার সময় তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে।

জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা হয়ে থাকতে পারে। হামলাকারী ও আহতদের রাজনৈতিক পরিচয় পুলিশ নিশ্চিত হতে পারেনি। এ ঘটনায় থানায় কোনও মামলা করেনি কেউ।