সুনামগঞ্জে জমি বিরোধের জেরে সংঘর্ষে নিহত এক, আহত ১০

সুনামগঞ্জের জগন্নাথপুরে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শনিবার (৩১ মে) বিকালে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কালনিচর গ্রামের মোবারক হোসেন ও রুয়েল মিয়ার মধ্যে জায়গা জমি নিয়ে মামলা-মোকদ্দমার জেরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়েন।

এতে আহত আলী হোসেন (২৫), ইমরান (২৫), আজাদ মিয়া (৩৫), খালেদ মিয়া (৪৭), সিজিল মিয়া (৩০), রহিম মিয়া (৩৬) ও লুৎফর মিয়াকে (৪০) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে রাত ৯টার দিকে খালেদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।