সড়ক পার হওয়ার সময় গর্তে ডুবে যাওয়া মা-মেয়ের লাশ ভেসে উঠলো হাওরে

সুনামগঞ্জের মধ্যনগরে পানিতে ডুবে মা-মেয়েসহ তিন জন মারা গেছেন। মৃতরা হলেন- নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার ঘিলাচৌকা গ্রামের বিলকিছ আক্তার  (৩১), তার মেয়ে বিথি আক্তার (৩) ও কলমাকান্দা উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী শামছুন নাহার বেগম (৭০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মধ্যনগর বাজারের সোমেশ্বরী নদীর পিলারের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী নৌকা ডুবে যায়। নৌকার সব যাত্রী সাঁতার কেটে তীরে ওঠতে পারলেও বৃদ্ধা শামছুন নাহার ডুবে মারা যান।

অন্যদিকে বিলকিছ আক্তার তার মেয়ে বিথি আক্তারকে নিয়ে মধ্যনগর উপজেলার আলমপুর বাজারে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফিরে যাওয়ার সময় নোয়ানগর গ্রামের ডুবন্ত সড়ক পার হওয়ার সময় সড়কের পাশে গভীর গর্তে পড়ে যান।

শুক্রবার বিকালে মা-মেয়ের লাশ হাওরে ভেসে উঠলে পুলিশ ও এলাকাবাসী লাশ উদ্ধার করে।

মধ্যনগর থানার এসআই লুৎফুর রহমান জানান, পানিতে ডুবে মা মেয়ে ও নৌকা ডুবিতে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।