হবিগঞ্জে দুই পক্ষের ঘণ্টাব্যাপী সংঘর্ষে আহত ২৫

হবিগঞ্জের লাখাই উপজেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামের ফুটবল মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মশাদিয়া গ্রামের বাসিন্দা সেনু মিয়ার ছেলে সবুজ মিয়ার বন্ধু সাইফুল বেড়াতে আসেন। সাইফুলের সঙ্গে আগে থেকেই একই গ্রামের আব্দুল আওয়াল হাজীর পক্ষের খলিল ও আব্দাল মিয়ার বিরোধ চলছে। রবিবার দুপুরে গ্রামে আসার পর সাইফুলের সঙ্গে খলিল ও আব্দাল মিয়ার বাগবিতণ্ডা শুরু হয়।

এ সময় বিষয়টি জানতে চাইলে সবুজ মিয়ার সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। সামান্য এই ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন দ্রুত জড়ো হয়ে ফুটবল মাঠে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ মিত্র জানান, তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।