শাল্লায় আধিপত্য নিয়ে সংঘর্ষ নিহত ১, আহত ১০ 

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইছহাকপুর গ্রামে জমি ও জলমহাল নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৭ মে) বিকেলে আওয়াল নূর ও সাইদুর মিয়ার পরিবারের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে পায়েল মিয়া (২৫) টেটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত তাহেরা বেগমকে (৪৫) উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়াল নূর ও সাইদুর মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও জলমহাল নিয়ে বিরোধ চলে আসছিল। এ সংক্রান্ত একাধিক মামলা আদালত ও থানায় চলমান রয়েছে।

শাল্লা থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।