সেই কিশোরের চোখ তারেক রহমানকে ফেরত দিতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘প্রিয় তারেক রহমান, আপনি প্রধানমন্ত্রী হয়েছেন; আপনি বলেছিলেন দেশে এসে আপনার পরিকল্পনা রয়েছে। এটা আপনার কেমন পরিকল্পনা? একজন কলেজে পড়ুয়া শিক্ষার্থীর চোখ কেড়ে নেওয়া হয়েছে। হবিগঞ্জের জিকে গউছের অনুসারী— তার অনুসারীরা হামলা করে রড দিয়ে একটা চোখ নষ্ট করে ফেলেছে একজন কিশোরের, একজন জুলাই যোদ্ধার। এই চোখ তারেক রহমান আপনাকে ফেরত দিতে হবে।’

এনসিপির এই নেতা বলেন, ‘শেখ হাসিনা আমার শত শত ভাই-বোনের চোখ নষ্ট করে, গুলি করে আজকে দিল্লিতে নির্বাসিত। তারেক রহমান, এই নতুন বাংলাদেশে আমার আরেক ভাইয়ের চোখ নষ্ট করে কী বার্তা দিতে চাচ্ছেন? বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। অবশ্যই সেই কিশোরের চোখ কীভাবে ফেরত দেবেন আমরা জানি না, কিন্তু সেই চোখ ফেরত না দেওয়া পর্যন্ত আমরা ঘর ছাড়ব না।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় সিলেটের কানাইঘাটে এনসিপির সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘নিজেদের জীবনের রক্তের বিনিময়ে বাংলাদেশে নতুন করে কোনও স্বৈরাচার এবং জুলুমবাজকে ক্ষমতায় থাকতে দেবো না, দেবো না, দেবো না।’

তিনি বলেন, ‘গত ১৬ বছর মুজিবের নামে ব্যবসা হয়েছে। জিয়াউর রহমানের নামে কাউকে ব্যবসা করতে দেবো না। তবে জিয়াউর রহমান-খালেদা জিয়াকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু জিয়াউর রহমানের ছবি ও পোস্টার টানিয়ে, বেগম খালেদা জিয়ার ছবি ও পোস্টার টানিয়ে আপনারা সন্ত্রাস করবেন, জমি দখল করবেন, ভূমি দখল করবেন—এটা আমরা মেনে নেবো না।’

পতিত আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘অবিলম্বে জিয়া ব্যবসা বন্ধ করেন, সন্ত্রাসবাদ বন্ধ করেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। কথা বলার অধিকার থাকতে হবে। জনগণের কর্মসংস্থানের অধিকার, জনগণের খাবারের অধিকার— সবকিছু নিশ্চিত করতে হবে। সংস্কার নিশ্চিত করতে হবে। বিচার নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘প্রিয় কানাইঘাটবাসী, আমরা স্পষ্ট নমুনা দেখতে পাচ্ছি আগামী স্থানীয় সরকারের নির্বাচনে কী হতে যাচ্ছে। এই সব লাঠিয়াল বাহিনী ও সন্ত্রাসীদের দিয়ে আবারও ভোট কারচুপি করা হবে, জনগণের অধিকার কেড়ে নেওয়া হবে— আপনাদেরকে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। জাতীয় নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে তা ঠেকাতে পারি নাই, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কোনও ধরনের কারচুপি, কোনও ধরনের লাঠিয়াল বাহিনী, কোনও ধরনের সন্ত্রাসীদের আমরা জায়গা করতে দেবো না।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘যদি স্থানীয় সরকার নির্বাচনেও আমরা পরাজিত হই, এই দেশে নব্য ফ্যাসিবাদ তৈরি হবে, নতুন স্বৈরাচার তৈরি হবে— আমরা সেটাকে রুখে দেবো। আগামী স্থানীয় সরকার নির্বাচনে আপনারা ভোট দেবেন। জনগণের পক্ষে ও উপযুক্ত প্রতিনিধির পক্ষে কথা বলবেন। শাপলাকলি এবং এনসিপির পক্ষে দাঁড়াবেন।’