বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, দিরাইয়ে ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জের দিরাই থানা পয়েন্টে বিএনপির সমাবেশ ঘিরে দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। এতে শনিবার (৮ আগস্ট) দিরাই থানা পয়েন্টে, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

জানা গেছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) থানা পয়েন্টে উপজেলা বিএনপির ডাকে দলীয় সমাবেশ করেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী ও তার কর্মী সমর্থকরা। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এই এমপি।

শনিবার একই স্থানে পাল্টা সমাবেশের ডাক দেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুকসহ পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক। সমাবেশ ঘিরে সকাল থেকে উভয় পক্ষের মধ্যে মিছিল ও পাল্টা মিছিল করলে উত্তেজনা বিরাজ করে।

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম বলেন, দিরাই শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার দিরাই থানা পয়েন্টে, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একপক্ষ সমাবেশ শুরু করেছে, এখন পর্যন্ত কোনও সংঘাত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।