হবিগঞ্জের চুনারুঘাটে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সহসভাপতি শরিফুল আলমকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শরিফুল আলম পৌর শহরের বড়াইল গ্রামের হাজি আব্দুর রশিদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকায় অভিযান চালায়। এ সময় উত্তর বাজার এলাকা থেকে শরিফুল আলমকে আটক করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শরিফুল আলমকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা এবং জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে পাঠানো হবে।