নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জে নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ জনের নামে মামলা হয়েছে। এতে আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে জেলার বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলা হয়। মামলার বাদী সোহাগ তালুকদার উপজেলার শ্রীধরপুর গ্রামের বাসিন্দা।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত, নিষিদ্ধ সংগঠন জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সহসম্পাদক মেহেদী হাসান, বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তৈয়বুর রহমান, সদস্য সাগর মিয়া, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফায়েত জামিল, তাহিরপুরের শ্রীপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি সালমান মিয়া, সহসাধারণ সম্পাদক মুক্তার হোসেন আখঞ্জি প্রমুখ।

মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রসুলপুর এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে ঘটনাটি ঘটে।

অভিযোগ অনুযায়ী, পূর্বপরিকল্পিতভাবে নাশকতামূলক কার্যক্রম পরিচালনা এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশে আসামিরা সেখানে জড়ো হয়ে মিছিলসহ অপরাধ সংঘটনের চেষ্টা করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ওসি আহম্মদ উল্লাহ ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার রাতে সোহাগ তালুকদার নামের একজন বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।