সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আসির মিয়া (৩৫) নামে এক আসামি পালিয়ে গেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার পর উপজেলার দামোধরদপী পয়েন্টে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলাতক আসির মিয়া দামোধরদপী গ্রামের বাসিন্দা। তিনি একটি মামলার এজাহারনামীয় আসামি বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ৯টার দিকে শান্তিগঞ্জ থানার এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরদপী পয়েন্টে অভিযান চালিয়ে আসির মিয়াকে গ্রেফতার করে। তাকে হাতকড়া পরিয়ে পুলিশ হেফাজতে নেওয়ার সময় হঠাৎ সেখানে হট্টগোল শুরু হয়। এই সুযোগে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসির মিয়া হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যান।
দামোধরদপী গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য আজির উদ্দিন বলেন, শুনেছি আসির মিয়াকে আটকের সময় হইচইয়ের মধ্যে সুযোগ বুঝে সে পুলিশের হাতকড়াসহ পালিয়ে গেছে
ঘটনাস্থল থেকে আসামি পালিয়ে যাওয়ার পরপরই তাকে পুনরায় গ্রেফতারে উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান ও তল্লাশি শুরু করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
শান্তিগঞ্জ থানার ওসি অলী উল্লাহ জানান, হ্যান্ডকাফ নিয়ে আসামি পালিয়েছে- তা ঠিক নয়। আমার অফিসার নিয়মিত মামলার আসামিকে ধরার পর সেখানে নারীরা একটু ঝামেলা সৃষ্টি করেন। তখন সে পালিয়ে যায়। আসামি হ্যান্ডকাফ নিয়ে পালায়নি।