শাল্লায় যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িতে হামলার অভিযোগে মামলা

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীর বাড়ি ও দোকানে হামলা-লুটপাটের অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) বিকালে শাল্লা থানায় মামলাটি করেন যুদ্ধাপরাধ মামলার সাক্ষী দুলাল মিয়ার মেয়ে উজ্জ্বলা আক্তার।

গত ২৯ অক্টোবর রাতে হামলা হওয়ার কথা তুলে ধরে করা এ মামলায় ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতির কথা বলা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৭০ জনকে।

বাদীর অভিযোগ, গত ২৩ অক্টোবর উজ্জ্বলার দোকানে চুরি হলে তিনি থানায় জানান। পুলিশ ঘটনাস্থলে আসায় হামলাকারীরা ক্ষিপ্ত হয়। এরপর ২৯ অক্টোবর রাত ৯টার পর থেকে গভীর রাত পর্যন্ত একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জলিল মিয়ার ছেলে জালাল মিয়া ও স্বজন শাহিন মিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ি ও দোকানে ভাঙচুর চালায়। ভাঙচুরের সময় তারা দোকানের নগদ টাকা, মূল্যবান জিনিসপত্রও লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দেওয়ায় নারী ও শিশুসহ ৫ জনের আহত হওয়ার অভিযোগও তুলেছেন বাদী।

উজ্জ্বলা বলেন, পরে হামলাকারী ও তাদের স্বজনরা বলে বেড়ায় যে, মাদক বিক্রির জেরে এলাকার লোকজন হামলা চালিয়েছে।

তিনি বলেন, আমি মাদকের বিরুদ্ধে প্রশাসনকে তথ্য দিয়ে থাকি। আমরা নীরিহ মানুষ। হামলাকারীরা খুবই প্রভাবশালী। তাদের বিরুদ্ধে কথা বলার সাহস এলাকার কারও নেই।

শাল্লা থানার ওসি মোহাম্মদ সুহেল বলেন, দৌলতপুর একটি পরিবারের বাড়িতে হামলার অভিযোগে মামলা হয়েছে।