বিকাশে লেনদেনের কথা বলে টাকা চুরি, হাতেনাতে ধরা দুই পাকিস্তানি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজারে বিকাশে টাকা লেনদেনের কথা বলে প্রতারণার চেষ্টার অভিযোগে দুই পাকিস্তানি নাগরিককে হাতেনাতে ধরেছেন এক ব্যবসায়ী। পরে স্থানীয়দের মধ্যস্থতায় তারা ছাড়া পেয়ে চলে যান।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় পাগলাবাজারের ‘পৌশী টেলিকম’ নামের একটি বিকাশের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, দুই ব্যক্তি দোকানে এসে উর্দু ভাষায় দোকান মালিকের সঙ্গে কথা বলেন। এ সময় তারা বিকাশে টাকা লেনদেনের নিয়ম জানতে চান। একপর্যায়ে বাংলাদেশি টাকা দেখার কথা বলে দোকানমালিকের কাছ থেকে ১ হাজার ও ৫০০ টাকার দুটি বান্ডিল নেন।

পরে বান্ডিল থেকে টাকা পকেটে ঢোকানোর সময় দোকানমালিকের সন্দেহ হয়। তিনি দেখতে পান, বান্ডিলে থাকা টাকার পরিমাণ কম। বিষয়টি বুঝতে পেরে তিনি দুজনকে হাতেনাতে ধরে ফেলেন।

স্থানীয়দের দাবি, ওই দুই ব্যক্তির কাছে পাকিস্তানি পাসপোর্ট ছিল। পরে স্থানীয়দের মধ্যস্থতায় তারা সেখান থেকে চলে যান।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ডিউটি অফিসার জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ কিছু জানে না।