সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষে আহত ৩০

সুনামগঞ্জের ছাতকে ফুটবলবার টুর্নামেন্ট নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার চরমহল্লা ইউনিয়নে মিনি ফুটবল টুর্নামেন্টের খেলা নিয়ে উভয়পক্ষের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।

এ ঘটনার জেরে উভয় গ্রামের লোকজন বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। উভয়পক্ষের লোকজন একে অপরের দিকে দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে হামলা চালান। এ সময় উভয়পক্ষের ৩০ জন আহত হন।

পরে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্র ও ছাতক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চরমহল্লা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সালেহ আহমদ বলেন, মিনি ফুটবল টুর্নামেন্ট নিয়ে গত রাতে উভয় গ্রামের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা ও ঝগড়া হয়। বুধবার সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের আনুমানিক ৩০ জন আহত হন। আহতরা ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ছাতক থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, গতকাল রাতে দুই দল গ্রামবাসীর মধ্যে ফুটবল টুর্নামেন্ট নিয়ে ঝগড়া হয়। আজ সকালে গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের সঠিক সংখ্যা এখনই বলা যাচ্ছে না। দুই গ্রামের মানুষের ইটপাটকেল নিক্ষেপে আনুমানিক ২৫/৩০ জন আহত হতে পারেন।