আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের একটি ভিডিও ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে—ভারতে নাকি বাংলাদেশের ভেতরে—তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।

তবে রনজিত সরকার দাবি করেছেন, ভারতের মেঘালয় হয়ে দেশের সীমানায় ঢুকে গত রবিবার সন্ধ্যায় সভা করেন তিনি। তার নিজের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীকে ওই সভায় দেখা গেছে।

সোমবার বিকাল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার নিজের ফেসবুক আইডিতে এ সংক্রান্ত একটি ভিডিও আপলোড করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে রয়েছেন সাবেক এই সংসদ সদস্য। মাঝখানে তিনি কিছুদিন যুক্তরাজ্যে ছিলেন বলেও জানা গেছে। মাসখানেক পূর্বে যুক্তরাজ্য থেকে তিনি ভারতে আসেন বলে আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে। 

পরে নিজের নির্বাচনী এলাকায় বাংলাদেশের অভ্যন্তরেই ভিডিওটি ধারণ করেছেন বলে দাবি তার। স্থানীয় একাধিক সূত্রের দাবি, ভিডিও ধারণের পর তিনি আবার ভারতে চলে গেছেন। এদিকে ভিডিওতে থাকা একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে সভার স্থান নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে সিলেট ও সুনাগঞ্জের পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) বিকাল ৪টা ৪৯ মিনিটে ‘Ranjit Sarker MP’ নামের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ৫ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করেন রনজিত সরকার। মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে ওই দিন সকাল থেকেই রনজিত সরকারকে মেনশন করে ‘আকর্ষণীয় কিছু আসছে’ জানিয়ে পোস্ট দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা।

ভিডিওতে দেখা যায়, একটি সভায় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন রনজিত সরকার। পেছনে থাকা ব্যানারে লেখা, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা। অতিথি অ্যাডভোকেট রনজিত সরকার।’ আয়োজক হিসেবে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নাম উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে থাকা সাবেক এই সংসদ সদস্য ভিডিওতে অভিযোগ করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন ও গ্রেফতার চালানো হচ্ছে। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণার কথা উল্লেখ করে তিনি নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দলীয় কর্মসূচিতে যুক্ত থাকার নির্দেশনা দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নিতে বলেন।

ভিডিওতে ব্যানার ধরে থাকা ব্যক্তিদের মধ্যে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে দেখা গেছে। পরে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তারা মিয়াকে আটক করে সুনামগঞ্জ সদর মডেল থানা-পুলিশ।

ঢোল-তবলা, ফুলের টব ঘিরে নানা আলোচনা

ভিডিওটির আরেকটি অংশে দেখা যায়, রনজিত সরকার সভাস্থলে প্রবেশ করছেন। সেখানে প্রায় ৫০ জন মানুষ বসে আছেন। সামনে রয়েছে ঢোল ও তবলা। দুজন ব্যক্তি ব্যানার ধরে আছেন, আর রনজিত সরকার বক্তব্য দিচ্ছেন। অনুষ্ঠানস্থলের পাশে কয়েকটি দামি ফুলের টবও দেখা যায়।

ভিডিওর এসব দৃশ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করছেন, এটি ভারতের সীমান্তবর্তী কোনো এলাকায় ধারণ করা হতে পারে। তাদের কারও কারও দাবি, সেখানে শ্যামাপূজার অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানের ফাঁকে মুখে মাস্ক পরে এসে বক্তব্য দিয়ে ভিডিও ধারণ করেই চলে যান রনজিত সরকার।

আবার অন্যদের ধারণা, রনজিত সরকারের আসার আগেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে লোকজন জড়ো করা হয়েছিল। ঢোল-তবলার মাধ্যমে গান-বাজনা চলছিল। পরে একপর্যায়ে এসে বক্তব্য দেন তিনি। এ সময় তার গলায় কয়েকটি ব্লুটুথ মাইক্রোফোন লাগানো ছিল। তাদের ধারণা, অনুষ্ঠানটি বাংলাদেশের সীমান্তঘেঁষা কোনও এলাকায়ও হতে পারে। তবে এসব ধারণার কোনোটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওটি প্রকাশের পর সোমবার রাতে সিলেটের বিভিন্ন স্থানে মিছিল ও মশাল মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

এদিকে সোমবার রাতে রনজিত সরকারের বাড়িতে আবারও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল।

ভারতে থাকা নিয়ে নানা তথ্য

স্থানীয় একাধিক সূত্রের দাবি, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর থেকেই আত্মগোপনে ছিলেন রনজিত সরকার। দীর্ঘদিন তিনি ভারতে অবস্থান করেন। পরে ভিজিট ভিসায় যুক্তরাজ্যে যান। সেখানে নিজ দেশে রাজনৈতিক ও জাতিগত সংখ্যালঘু হিসেবে নিপীড়নের শিকার হওয়ার কারণ দেখিয়ে আইনি আশ্রয় চান। তবে তার সেই আবেদন বাতিল হলে তিনি আবার ভারতে ফিরে আসেন বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

ভারতে ফেরার সময় দলীয় নেতাকর্মীদের মাধ্যমে প্রচার চালানো হয় এবং রনজিত সরকার নিজেও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে তিনি ভারতে ফিরছেন। সুযোগ বুঝে দেশে ফিরবেন বলেও জানান।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, গত কয়েক দিনের মধ্যে রনজিত সরকার বাংলাদেশে ফিরেছিলেন। নির্বাচনী এলাকার সীমান্তঘেঁষা কোনও স্থানে ভিডিওটি ধারণ করে পরে আবার ভারতে চলে গেছেন। তাদের ধারণা, নির্বাচনী এলাকায় এমন কিছু গ্রাম রয়েছে, যেখানে এ ধরনের আয়োজন করলেও বিষয়টি সহজে বাইরে জানাজানি হওয়ার সুযোগ নেই। তবে তার দেশে ফেরা কিংবা ভারতে ফিরে যাওয়ার বিষয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

অতীত কর্মকাণ্ড নিয়েও আলোচনা

রনজিত সরকার সিলেটের টিলাগড় এলাকায় একসময় প্রভাবশালী রাজনৈতিক বলয় গড়ে তুলেছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। তার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার, সহিংসতা ও বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। সিলেটের শতবর্ষী এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে আটকে গণধর্ষণের ঘটনায় তার অনুসারীদের নাম আলোচনায় এসেছিল। এর আগে পুরোনো ছাত্রাবাসে অগ্নিসংযোগের ঘটনাতেও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধর করে পাঠা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া ওই ক্যাম্পাসসহ বিভিন্ন এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গেও তার নাম জড়ানোর অভিযোগ আছে।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন রনজিত সরকার। তার বাড়ি সুনামগঞ্জে হলেও সিলেটে রাজনীতি করার সুবাদে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পদ পান তিনি।

যা বলছেন রনজিত সরকার

রনজিত সরকার হোয়াটসঅ্যাপে স্থানীয় সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশের মানুষ আমি। আপনি কি মনে করেন বাংলাদেশের তাহিরপুর থেকে মানুষ লইয়া ইন্ডিয়া ঢুকে এই প্রোগ্রাম করতে দেবো? আমার বক্তৃতাটা ভালো করে শুনেন যে, আমি কইছি, প্রতি ইঞ্চি মাটি আমাদের। এর অর্থ হইলো বাংলাদেশের ভেতরে কোনও না কোনও জায়গাত আমি করেছি। আমি আমার নির্বাচনী এলাকায় প্রোগ্রাম করেছি এবং সেখানকার মানুষ ছিলেন ১০০ শতাংশ। সেখানে সিলেট শহরের একজনও ছিলেন না। আমরা তো নিষিদ্ধ। আমরা তো আর যেখানে সুযোগ পাইবো সেখানেই করবো। এটা তো শেষ না। এটা মাত্র আগাম বার্তা দিলাম।’

ঢোল-তবলার বিষয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রোগ্রামে ঢোল-তবলা তো থাকে। আমরা সাংস্কৃতিকমনা মানুষ, সাংস্কৃতিক গান গাই। আমরা উৎসব করি। বাঙালির কৃষ্টি-কালচারটাই তো হলো ঢোল-তবলা। এটা খালি যে পূজাত লাগে তা তো না। এটা নিয়ে কে কী মনে করলো, সেটা তার তার বিষয়। আমার একটাই বক্তব্য—আমরা যতদিন জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যারে বাংলাদেশে না আনছি, আমরা জীবনবাজি রাখমু। আর আমি এখনও বাংলাদেশেই আছি। এখন তো ডিজিটাল যুগ, দেখি পুলিশ খুঁজে বের করুক।’

সভার স্থান নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে সিলেট ও সুনাগঞ্জের পুলিশ

সুনামগঞ্জের ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বী রাজিব বলেন, ‘রনজিত সরকার ভিডিওটি বাংলাদেশে করেছেন নাকি ভারতে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওতে ব্যানার ধরে থাকা একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, তা জানা যেতে পারে।’

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, ‘সুনামগঞ্জের সীমান্ত এলাকা নিশ্চিদ্র নিরাপত্তায় আছে। ওখান দিয়ে রনজিত সরকার ঢোকার সুযোগ নেই। রনজিতের নির্বাচনী এলাকার যেসব লোককে ওখানে ভিডিওতে দেখা গেছে। তাদেরকে সিলেট সীমান্তের কোনও জায়গায় জড়ো করে ওই ভিডিও করেছে।’

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, তা এখনও জানা যায়নি। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত জানার পর এ বিষয়ে জানানো হবে।

তবে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বললেন ভিন্ন কথা। তার ভাষ্য, সভাটি সিলেটের সীমান্তে হয়নি। সুনামগঞ্জের সীমান্ত এলাকার কোনও স্পটে হয়েছে বলে ধারণা করছি। সেখানে উপস্থিত লোকজনও সুনামগঞ্জের ছিল। তবু আমরা বিষয়টি আরও যাচাই করছি। নিশ্চিত হয়ে পরে জানাবো।’