পুলিশ জানতোই না দেশে ঢুকে সাবেক এমপি কোথায় করলেন সভা, তারা মিয়া জানালেন ১৭৫ জনের কথা

সিলেটের রাতারগুল এলাকার একটি ইকো রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সভা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। ওই সভায় উপস্থিত ছিলেন রনজিতের ঘনিষ্ঠ ও আওয়ামী লীগের তাহিরপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক তারা মিয়া। তাকে আটক করেছে সুনামগঞ্জের পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রিসোর্টে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন সভার স্থান নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে তারা মিয়াকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তারা মিয়াকে আটকের পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সকাল থেকে দুপুর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়া জানান, সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল এলাকায় ইকো রিসোর্টে রনজিত সরকার ওই সভা করেছিলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাকে সঙ্গে নিয়ে রাতারগুলে যায়। 

পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে গিয়ে সভার বিষয়ে তথ্য পাওয়া যায়। গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবী রিসোর্টটি ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানারও টাঙানো হয়। সেখানে প্রায় ১৭৫ জন অংশ নেন বলে জানান তারা মিয়া। দিনভর আয়োজন শেষে রাতে গান-বাজনার সময় রনজিত সরকার সেখানে উপস্থিত হন। পরে তিনি ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে সেখান থেকে চলে যান।

পুলিশ সুপার জানান, শিক্ষা সফরের আড়ালে ওই আয়োজন করা হয়েছিল। তবে রনজিত সরকার কীভাবে কার সহায়তায় দেশে ঢুকেছেন এবং কর্মী সভায় অংশ নিয়েছেন, সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে।

ফতেহপুর ইউনিয়নের রাতারগুল এলাকায় ইকো রিসোর্টে রনজিত সরকার ওই সভা করেছিলেন

এর আগে সোমবার বিকালে নিজের ফেসবুক আইডি থেকে একটি সভায় দেওয়া বক্তব্য প্রচার করেন রনজিত সরকার। ওই বক্তব্যে তিনি বর্তমান সরকারের সমালোচনা করেন। এর জেরে সোমবার দিবাগত রাতে সিলেট শহরের গোপালটিলায় তার বাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ লোকজন।

এদিকে রনজিত সরকারের সরকারবিরোধী বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর) আসনের বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। মধ্যনগর, তাহিরপুর ও ধর্মপাশায় এসব কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, মঙ্গলবার রাতেই নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিটে মিছিল ও সমাবেশ করার নির্দেশ দেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। ফ্যাসিস্ট আওয়ামী চক্রের ষড়যন্ত্র রুখে দিতে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে ওই সভায় উপস্থিত থেকে রনজিতের পেছনে থাকা ব্যানার ধরে রাখার দায়িত্ব পালনকারী নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ওমর ফারুককেও খুঁজছে পুলিশ। জামালগঞ্জ উপজেলার লম্বাবাক এলাকায় তার বাড়িতে গভীর রাতে তল্লাশি চালায় পুলিশ। তবে তাকে পাওয়া যায়নি।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সভার স্থান ও আয়োজন সম্পর্কে খোঁজ নিতে শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহর থেকে কার্যক্রম নিষিদ্ধ তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করা হয়। আটক তারা মিয়ার কাছ থেকে কর্মী সভার বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়ার পর সভাস্থল পরিদর্শন করেছে পুলিশ।