অসুস্থ মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মা, পরে নদীতে মিললো দুজনের মরদেহ

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় ছিলেন মা। সন্তানের চিকিৎসা করাতে গিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে মেয়েকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান মা। এরপর তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। প্রায় ১০ ঘণ্টা পর রাতে সিলেটের সুরমা নদী থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন- মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) এবং তার ১১ মাস বয়সি মেয়ে জয়স্মিতা। তারা নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের চণ্ডীপুল এলাকার পিরোজপুর আবাসিক এলাকার বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী ও মেয়ে।

মঞ্জুশ্রীর স্বামী জীবনানন্দ বিশ্বাস জানান, মেয়ের অসুস্থতা ও ভবিষ্যৎ চিকিৎসা নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ছিলেন মঞ্জুশ্রী। তবে পুলিশ বলছে, পরিবারের সদস্যরা ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

জানা গেছে, স্ত্রী ও সন্তান নিখোঁজের ঘটনায় মঙ্গলবার দক্ষিণ সুরমা থানায় জিডি করেন জীবনানন্দ বিশ্বাস। পরে রাতে স্থানীয় বাসিন্দারা নগরের মাছিমপুর এলাকায় সুরমা নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাত সোয়া দুইটার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই শিপলু চৌধুরী বলেন, পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, মঞ্জুশ্রী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। শিশুটিও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিল। তবে মা-মেয়ের মৃত্যুর প্রকৃত কারণ কী, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।