বাউবিতে প্রযুক্তির প্রসার যুগান্তকারী পদক্ষেপ: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) প্রযুক্তি শিক্ষার প্রসার এবং প্রযুক্তি ব্যবহার করে শিক্ষাদানের কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে শিক্ষাকে সহজলভ্য করে তোলা সম্ভব। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এর কোনও বিকল্প নেই। রবিবার গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএড প্রোগ্রামে শিক্ষা প্রসার শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ

শিক্ষকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের শিক্ষা পরিচালনাকারী শিক্ষকদের প্রযুক্তির ব্যবহার ভালোভাবে আয়ত্ব করতে হবে এবং শিক্ষার্থীদের মধ্যে সহজভাবে পৌঁছে দিতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আর্থিক ও সামাজিক কারণে বা সুযোগ সুবিধার অভাব এবং বিভিন্ন স্তরে যারা ঝরে পড়েন তারা যেকোনও বয়সে বাউবিতে পড়ার সুযোগ লাভ করতে পারেন। প্রাথমিক থেকে সর্বোচ্চ শিক্ষা লাভের সুযোগ এখানে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে বাউবিতে ৫ লাখ ৭০ হাজার শিক্ষার্থী রয়েছেন, আগামীতে শিক্ষার্থীর সংখ্যা ১০ লাখ হবে বলেও জানান তিনি।

এর আগে শিক্ষা কার্যক্রমে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা বিস্তারের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের মাধ্যমে মোবাইল অ্যাপসের একটি ডিজিটাল ডিসপ্লে প্রদর্শিত হয়।

উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নানের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য রাখেন- মাউশি’র মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, টি কিউ আই সেকেন্ড প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. জহির উদ্দীন বাবর, প্রো-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন।

/আরএআর/এনএস/ আপ-এমও