অবরোধমুক্ত ঢাবি ভিসি

‘ছাত্রলীগ আন্দোলনে জড়িত নয়, ভিসির গাড়ি কারা ভেঙেছে জানি না’




রাস্তা অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, অবরোধ ও তার পদত্যাগের দাবিতে আন্দোলনে ছাত্রলীগ জড়িত নয় বলে দাবি করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ভিসির সঙ্গে দেখা করতে গেলেও ভিসি তাদের সঙ্গে বৈঠক করেননি। সেখানে প্রক্টরের সঙ্গে বৈঠক করেন তারা।
জাকির বলেন, ‘সারাদিন যে আন্দোলন হয়েছে তার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ জড়িত নয়, সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছে।’ ভিসির গাড়ি ভাঙচুরের বিষয়ে ছাত্রলীগ কিছু জানে না বলেও দাবি করেন তিনি। 

ঢাবি ভিসি আরেফিন সিদ্দিক বাংলা ট্রিবিউনকে জানান, ছাত্রলীগ নেতাদের সঙ্গে তার কোনও বৈঠক হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাদের সঙ্গে বৈঠক করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘প্রথম রাষ্ট্রপতি’ লেখার ঘটনার শুক্রবার সকাল থেকেই বিক্ষোভ প্রদর্শণ করে ছাত্রলীগ।

জাকির হোসাইন বলেন, ‘ভিসির পদত্যাগের দাবিতে যে আন্দোলন করা হচ্ছিল তা প্রত্যাহার করা হয়েছে। ইতিহাস বিকৃতির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে ভিসি আমাদের আশ্বস্ত করেছেন।’

রাত সোয়া ৮টার দিকে ভিসির বাসভবনে যান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় জিয়াউর রহমান হলের পরিচিতি অংশে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘প্রথম রাষ্ট্রপতি’ বলে উল্লেখ করা হয়েছে। শুক্রবার বিষয়টি নজরে এলে ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে প্রকাশনার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমানকে তার কার্যালয়ে প্রায় এক ঘণ্টা তালাবন্দী করে রাখেন। সেখানে তারা স্মরণিকায় আগুন দেন। উপাচার্য স্মরণিকা বাজেয়াপ্ত করলেও ছাত্রলীগ নেতাকর্মীরা তার বাসভবনের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে তারা উপাচার্যের গাড়ি ভাঙচুর করেন এবং তার বাসভবনের ফটকে তালা লাগিয়ে দেন। একইসঙ্গে রাত ৮টার মধ্যে ভিসিকে পদত্যাগের আলটিমেটাম দেন।

স্মরণিকায় আগুন দিচ্ছেন ছাত্রলীগের নেতারাভিসির ভাঙচুর করা গাড়িএসআইএস/এমও/এজে