বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভারতের স্কলারশিপ ঘোষণা

আইসিসিআর২০১৭-১৮ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ঘোষণা করেছে ভারতীয় কাউন্সিল অব কালচারাল রিলেশন্স (আইসিসিআর)। মেডিসিন ছাড়া অনেকগুলো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এ স্কলারশিপ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ভারতীয় দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চিকিৎসা বিজ্ঞান ছাড়া স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হবে। আইসিসিআর এখন পর্যন্ত প্রায় তিনহাজার বাংলাদেশি শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করেছে।
ইংরেজিতে দক্ষ এবং ইতোমধ্যে উত্তীর্ণ হওয়া পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা গড়ে ৬০ শতাংশেরও বেশি নাম্বার (জিপিএ ৫ এর মধ্যে জিপিএ ৩) পেয়েছেন, তারা এ স্কলারশিপে আবেদন করতে পারবেন। আবেদন ফরমসহ স্কলারশিপের যাবতীয় তথ্য বাংলাদেশের ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে (www.hcidhaka.gov.in) পাওয়া যাবে।
দূতাবাসের ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করার পর তা পূরণ করে (অবশ্যই টাইপিং, হাতে লেখা নয়) ছবি, স্বাক্ষরযুক্ত করে (পিডিএফ আকারে) অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ হাইকমিশনের ঢাকা (iccr.bd@gmail.com), চট্টগ্রাম (ahc@colbd.net) এবং রাজশাহী (ahc.rajshahi@mea.gov.in) শাখার ইমেইলে পাঠাতে হবে।

আবেদন পাঠানোর শেষ তারিখ ৩১ ডিসেম্বর। নির্বাচিত আবেদনকারীদের ইংরেজি ভাষার দ্ক্ষতা যাচাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৩ জানুয়ারি। আরও প্রয়োজনীয় তথ্যের জন্য ঢাকার ভারতীয় হাইকমিশনের শিক্ষা বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা ইমেইলেও (attedu@hcidhaka.gov.in) যোগাযোগ করতে পারবেন।

/এমও/