হারিয়ে যাওয়া শিক্ষার্থীদের নজরদারিতে আনার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ফটো)হারিয়ে যাওয়া শিক্ষার্থীদের নজরদারিতে আনতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বৃহত্তর ঢাকা জেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গণ’ শীর্ষক মতবিনিময় সভায় এ আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা বেড়েছে, ঝড়ে পড়াও অনেক কমেছে। শিক্ষার মান রাতারাতি বাড়ানো সম্ভব নয়। এটা ধারাবাহিক প্রক্রিয়া। এজন্য আমাদের শিক্ষকদের মান বাড়াতে হবে। জাতির ভবিষ্যৎ সন্তানদের গড়ে তুলতে শিক্ষকদের বাড়তি কাজ করতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রতিষ্ঠানে ক্যাপাসিটির অতিরিক্ত ছাত্র যেন ভর্তি না করা হয়।’
জঙ্গিবাদ নির্মূল এবং শিক্ষার্থীদের জঙ্গিবাদের ছোবল থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে জনমত তৈরি করতে হবে। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সচেতনতা সৃষ্টির মাধ্যমে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষক, অভিভাবক, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি এবং জনগণের মিলিত প্রয়াসে সন্ত্রাস ও জঙ্গিবাদকে রুখতে হবে।’

নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, ‘শিক্ষার্থীরা যাতে বিপথগামী না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আমাদের ছেলেমেয়েদের জঙ্গি কার্যক্রম থেকে রক্ষা করতে না পারলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। ইসলামের সঠিক ব্যাখ্যার মাধ্যমে বোঝাতে হবে, জঙ্গিবাদ ইসলামের পথ নয় বরং জঙ্গিবাদ ইসলামকে দেশে ও বিদেশে ছোট করছে।’ জঙ্গিবাদ থেকে দূরে রাখতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে আরও বেশি জড়িত করা, ক্লাসরুম আনন্দময় করে তোলা এবং খেলাধুলা ও শরীরচর্চা বাড়ানোর আহ্বানও জানান শিক্ষামন্ত্রী।

ঢাকা শিক্ষা বোর্ড আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহাবুবুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান বক্তব্য রাখেন। এতে ঢাকা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষাঙ্গনে জঙ্গিবাদ প্রতিরোধে বিভিন্ন সুপারিশ ও মতামত তুলে ধরেন।

/এসএমএ/এমও/