‘বাংলাদেশ এখন আত্মমর্যাদা সম্পন্ন ও স্বনির্ভর এক দেশের নাম’

 

মেহের আফরোজ চুমকি (ছবি: সংগৃহীত)বাংলাদেশ ধীরে ধীরে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় আসীন হচ্ছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, ‘ভারতের মতো দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যে সম্মান দিয়েছে, তাতে প্রমাণিত হয়েছে বাংলাদেশ আজ ভিক্ষুকের দেশ নয়। বাংলাদেশ এখন আত্মমর্যাদা সম্পন্ন ও স্বনির্ভর এক দেশের নাম।’ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের নবীন বরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

মেহের আফরোজ চুমকি বলেন, ‘অচিরেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে একটি উন্নত দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।’ 

ছাত্র-ছাত্রীদের উদ্দেশে মেহের আফরোজ চুমকি বলেন, ‘শুধু চোখ বন্ধ করে মুখস্ত করে ১ম শ্রেণি পেয়ে কোনও লাভ নেই। পড়াশোনার পাশাপাশি দেশ সম্পর্ক জানতে হবে। ৩০ লাখ মানুষ রক্ত দেওয়ার কারণে আমরা আজ মন্ত্রী, সচিব হওয়ার পাশাপাশি বড় বড় পদে অধিষ্ঠিত হতে পেরেছি। তাই আমাদের দেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ সম্পর্ক জানতে হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘উদ্ভিদ বিজ্ঞান বিভাগে বরাবরই ছেলেদের চেয়ে মেয়েরা বেশি। মেয়েরা যেভাবে এগিয়ে আসছে, তা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে সব বিভাগেই ছেলের চেয়ে মেয়ে বেশি হবে। এমনও হতে পারে ছেলেদের জন্য কোটাও রাখতে হবে।’ 

অনুষ্ঠানে অধ্যাপক ড. নাসরিন আহমাদ বলেন পড়াশোনাটাকে ভালোবাসতে হবে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজও করতে হবে। সহপাঠীদের দিকে খেয়াল রাখতে হবে। তারা যেন কোনও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে দিকে খেয়াল রাখতে হবে। পরস্পরকে ভালোবাসতে হবে।’

উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল বাসারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমাদ। জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. কাজী আব্দুল ফাত্তাহ প্রমুখ।

/এসআই/এমএনএইচ/