সরকার মাদ্রাসা শিক্ষা সংস্কারের উদ্যোগ নিয়েছে: ধর্মসচিব

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমানবাংলাদেশের ৪৬ বছরে বর্তমান সরকারই প্রথম কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দেওয়াসহ কওমি বোর্ড গঠন করেছে বলে মন্তব্য করেছেন ধর্ম মন্ত্রণালয়েল সচিব মো. আনিছুর রহমান। তিনি বলেন, ‘সরকার মাদ্রাসা শিক্ষার সংস্কারের উদ্যোগ নিয়েছে। পাঠ্য পুস্তকে সংশোধনী আনা হয়েছে।’ শনিবার (২১ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ধর্মসচিব বলেন, ‘ইসলামের নামে জঙ্গিবাদ ও চরমপন্থার মাধ্যমে বিভিন্ন গোষ্ঠী ইসলামের ক্ষতি করার চেষ্টা করছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে বিভিন্ন গোষ্ঠী বাংলাদেশের অর্জনকে ম্লান করার চেষ্টা করছে।’ এ বিষয়ে তিনি আলেমদের সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, ‘প্রকৃত ইসলামের প্রচারের মাধ্যমে ইসলামের নামে বিকৃত শিক্ষা রোধ করা সম্ভব হবে। ইসলামিক ফাউন্ডেশন বিজ্ঞ উলামায়ে কেরামের সমন্বয়ে প্রকৃত ইসলাম প্রচারে কাজ করে যাচ্ছে।’

সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হাফিজুর রহমান, ওয়াকফ প্রশাসক মো. শহীদুল ইসলাম, ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মু. আ. হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, আইন উপদেষ্টা এ আর মাসুদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম শহীদুল্লাহ, উপসচিব মো. সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ আল মা‘রূফ, জগন্নাথ বিশ্ববিধ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহমদ আবুল কালাম, শাইখ মুহাম্মাদ উছমান গণী, মাওলানা সৈয়দ ওয়াহিদুয্যামান, ড. মোহাম্মদ সাইফুল ইসলাম আল আযহারী ও মাওলানা নোমান আবদুল্লাহ প্রমুখ।