শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম আরও জোরদার করতে হবে। শিক্ষার মান উন্নয়নে পরিদর্শন ও নিরীক্ষা একটি গুরুত্বপূর্ণ উপাদান।’ তিনি আরও বলেন, ‘পরিদর্শন ও নিরীক্ষা সঠিকভাবে প্রতিষ্ঠান পরিচালনা এবং মানোন্নয়নের জন্য তাগিদ সৃষ্টি করে। দক্ষ প্রধান শিক্ষক বা অধ্যক্ষদের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের পিয়ার পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম গতিশীলতা পাবে।’
ডিআইএ-এর পরিচালক প্রফেসর আহমদ সাজ্জাদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব আহমেদ শামীম আল-রাজী, ডিআইএ-এর যুগ্ম পরিচালক বিপুল চন্দ্র সরকার প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ২৭ জন কর্মকর্তার মাঝে ল্যাপটপ বিতরণ করেন। পরিদর্শন ও নিরীক্ষা এবং ই-ফাইলিং শীর্ষক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদও বিতরণ করেন তিনি।