জালিয়াতির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির অভিযোগে ১৫ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদ। বৃহস্পতিবার পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো -ভূগোল ও পরিবেশ বিভাগের তৃতীয় বর্ষের নাভিদ আনজুম তনয়, পদার্থ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মহিউদ্দীন রানা, ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের আবদুল্লাহ আল মামুন। এরা তিন জন জালিয়াত চক্রের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করত। রানা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক ছিল। ঘটনার পর তাকে ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়।
এছাড়া জালিয়াতের অভিযোগে বহিষ্কৃত হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীরা হলো- রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাহিদ ইফতেখার, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের মো. আজিজুল হাকিম, মনোবিজ্ঞান বিভাগের মো. বায়েজীদ, সংস্কৃত বিভাগের প্রসেনজিৎ দাস, স্বাস্থ্য অর্থনীতি বিভাগের ফারদিন আহমেদ সাব্বির, অর্থনীতি বিভাগের মো. রিফাত হোসাইন, ইসলামিক স্টাডিজ বিভাগের রাফসান করিম, বাংলা বিভাগের আখিনুর রহমান অনিক, ইতিহাস বিভাগের টিএম তানভীর হাসনাইন, শিক্ষা ও গবেষণা বিভাগের মুন্সী মো. সুজাউর রহমান ও পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের নাজমুল হাসান নাঈম।