সারাদেশে শনি-রবিবার এমপিওভুক্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট

আমারণ অনশনে শিক্ষকরাএমপিওভুক্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের দাবিতে আগামী শনি ও রবিবার (২৭-২৮ জানুয়ারি) সারাদেশে ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সমিতি। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিয়াঁজো ফোরামের প্রেস সচিব এনামুল হক বাংলা ট্রিবিউনকে এ সিদ্ধান্তের কথা জানান। ধর্মঘটের পাশপাশি রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে গত ১০ জানুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। এরপর গত ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশনে আছি। এতেও সরকারের টনক নড়েনি। তাই আগামী ২৭-২৮ জানুয়ারি (শনিবার-রবিবার) সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হবে।’
তিনি আরও বলেন, ‘সারাদেশে ২৭ হাজার শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যার সবগুলোকেই জাতীয়করণ করতে হবে। এসব স্কুলে অন্তত ৪ লাখ শিক্ষকও যতদিন দাবি পূরণ না হয় ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো।’