এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন তার ফেসবুক ওয়ালে গত ২৮ মার্চ থেকে প্রচারণা শুরু করেন। প্রশ্নপত্র ফাঁস ও অভিভাবকদের ভূমিকা নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বক্তব্য ফেসবুক ওয়ালে তিনি শেয়ার করেন ওইদিন।
ফেসবুক ওয়ালে মো. সোহরাব হোসাইন বলেন, ‘আগামী ২ এপ্রিল থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসমুক্ত, প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত ও সম্পূর্ণ নকলমুক্তভাবে অনুষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির ভাষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই আমার এ পোস্টটি বার বার শেয়ার করার জন্য সবাইকে বিশেষভাবে আবেদন করছি।’
তিনি আরও উল্লেখ করেন, ‘একজন প্রতারক এরই মধ্যে টাকার বিনিময়ে প্রশ্নপত্র নেওয়ার জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছে। এসএসসি পরীক্ষার সময় এ রকম বহু প্রতারককে গ্রেফতার করা হয়েছে। যারা ভুয়া প্রশ্নপত্র দিয়ে, এমনকি কোনও প্রশ্নপত্র না দিয়েই প্রতারণা করে কারও কারও কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে। এ জঘণ্য অপরাধীদের গ্রেফতার করার জন্য গোয়েন্দা সংস্থাগুলো তৎপর রয়েছে। আসুন, আমরা আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের আদর্শ দিয়ে সব অসাধু পন্থাকে প্রতিরোধ করি।’
এছাড়া প্রশ্ন পাওয়া গেলে কিংবা কেউ বেচলে সঙ্গে সঙ্গে ৯৯৯-এ কল করে জানাতে অনুরোধ করেছেন মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, গণ্যমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনগণের প্রতি সহযোগিতার আহ্বান জানান। সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, ‘প্রতারকদের ফাঁদে পা দিয়ে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। একটি শ্রেণি ফেসবুকে প্রশ্নপত্রের প্রচারণা চালাচ্ছে। তারা সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়কে হেয় করার জন্য মিথ্যে প্রচারণা চালাচ্ছে।’ তবে কেউ কেউ আর্থিক লাভের জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতারণাও করছে বলে জানান তিনি।