গণজাগরণ মঞ্চের সমাবেশে পুলিশি বাধা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইমরান এইচ সরকার‘মাদকবিরোধী অভিযানের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’র প্রতিবাদে ডাকা সমাবেশ করতে পারেনি গণজাগরণ মঞ্চ। রবিবার (৩ জুন) ঢাকার শাহবাগে তাদেরকে বাধা দিয়েছে পুলিশ। পরে সেখানে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, ‘কয়েক দিন ধরে দেশে মাদকবিরোধী অভিযানের নামে শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে। সুনির্দিষ্ট কোনও অভিযোগ ও তদন্ত ছাড়াই এসব মানুষকে হত্যা করা হয়েছে।’

ইমরান এইচ সরকার বলেন, ‘প্রথম থেকেই মাদকবিরোধী অভিযানে আমাদের সমর্থন ছিল। তবে বিচার ছাড়া কোনও মানুষকে হত্যা করা হোক— এটা আমরা চাই না।  এই দাবি নিয়ে আমরা প্রতিবাদ জানাতে দাঁড়িয়েছি। কিন্তু পুলিশ আমাদের কর্মসূচিতে বাধা দিয়েছে। সরকারের আচরণে মনে হচ্ছে দেশে একনায়কতান্ত্রিক শাসন চলছে। মানুষের কথা বলার অধিকার নেই।’

এ সময় ছিলেন সংগঠক জীবনানন্দ জয়ন্ত, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন।

সমাবেশে পুলিশি বাধাগণজাগরণ মঞ্চকে সমাবেশ করতে না দেওয়ার কারণ জানতে চাইলে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার আজিমুল হক জানান, প্রতিবাদ সমাবেশের অনুমতি ছিল না। এজন্য তাদেরকে সমাবেশ না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

রবিবারের কর্মসূচিতে বাধা আসায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ। আগামী ৬ জুন বিকাল ৪টায় শাহবাগে ‘মাদকবিরোধী অভিযানের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’র প্রতিবাদে সমাবেশ করবে সংগঠনটি।