ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১৩ শতাংশ

ঢাবিঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদের (ক ইউনিট) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ ইউনিটে পাস করেছে  ১০ হাজার ১১৭ জন শিক্ষার্থী যা মোট পরীক্ষার্থীর ১৩  শতাংশ (১৩.০৪)। ১৭৫০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৭৭ হাজার ৫৭২ জন।  

বুধবার (৩ অক্টোবর) দুপুর ১টায় উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিসে উপস্থিত থেকে এই ফলাফল প্রকাশ করেন ।

পাস করা শিক্ষার্থীদের আগামী ১৭ অক্টোবর বিকাল ৩টা থেকে ৩১ অক্টোবর বিকাল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে বলা হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৮ -১৫ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম বিজ্ঞান অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। যথাযথভাবে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে বলা হয়েছে।

ফলাফল নিরীক্ষণের জন্য ফি প্রদান সাপেক্ষে আগামী ৪-১১ অক্টোবরের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে ৷

পরীক্ষার ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য ক ইউনিটের ওয়েবসাইট থেকে জানা যাবে।

ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা শিক্ষার্থী অনিক মজুমদার তার স্কোর-১৮৩.৫০। দ্বিতীয় স্থান সৌমেন কুণ্ড নটরডেম কলেজ, তার স্কোর-১৮২ । তৃতীয় নটরডেম কলেজের তানজিম আজওয়াদ জামান। তার স্কোর-১৮১.২৫।