প্রাথমিক ও ইবতেদায়িতে এগিয়ে মেয়েরা

ফাইল ফটোপ্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইবিটি) পরীক্ষায় এবার ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। পিইসিতে অংশ নেওয়া থেকে শুরু করে জিপিএ-৫ এবং পাসের হারে মেয়েরা এগিয়ে। আর ইবিটিতে অংশগ্রহণ কম হলেও জিপিএ-৫ এবং পাসের হারে এগিয়ে রয়েছে মেয়েরা।
এবার পিইসিতে অংশ নিয়েছে মোট ২৪ লাখ ৫৪ হাজার ১৫১ জন। এর মধ্যে ছাত্র ১১ লাখ ২৪ হাজার ২২৫ জন এবং ছাত্রী ১৩ লাখ ২৯ হাজার ৯২৬ জন। ছাত্রদের চেয়ে ২ লাখ ৫ হাজার ৭০১ জন বেশি ছাত্রী অংশ নিয়েছে। এবার সব বিষয়ে পাস করেছে মোট ২৩ লাখ ৪৩ হাজার ৭৪৩ জন। পাসের হার ৯৫ দশমিক ৫০ শতাংশ। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১০ লাখ ৭২ হাজার ১৫৪ জন ছাত্র এবং ১২ লাখ ৭১ হাজার ৫৮৯ জন ছাত্রী। এবার পরীক্ষায় ১ লাখ ৯৯ হাজার ৪৩১ জন ছাত্রী বেশি পাস করেছে।
ছাত্র পাস করেছে ৯৫ দশমিক ৩৭ শতাংশ এবং ছাত্রী পাস করেছে ৯৫ দশমিক ৬১ শতাংশ। ছাত্রীর পাসের হার বেশি শূন্য দশমিক ২ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে মোট ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪১ হাজার ৪৫১ জন এবং ছাত্রী ১ লাখ ৮৪ হাজার ৬৩৭ জন। জিপিএ-৫ বেশি পেয়েছে ৪৩ হাজার ১৮৬ জন ছাত্রী। পিইসির ফল বিশ্লেষণে দেখা যাচ্ছে অংশগ্রহণ, জিপিএ-৫ ও পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে।

অন্যদিকে ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় এবার মোট অংশ নিয়েছে ৩ লাখ ৪ হাজার ১৭৮ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৫৭ হাজার ৯৩৬ জন এবং ছাত্রী ১ লাখ ৪৬ হাজার ২৪২ জন। মোট ২ লাখ ৯১ হাজার ৮৭৫ জন শিক্ষার্থী সব বিষয়ে উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৫ দশমিক ৯৬ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে ১ লাখ ৫০ হাজার ৮৩৫ জন ছাত্র এবং ১ লাখ ৪১ হাজার ৪০ জন ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন। এর মধ্যে ৫ হাজার ৬৮৫ জন ছাত্র এবং ৬ হাজার ১৯২ জন ছাত্রী। ছাত্রদের পাসের হার ৯৫ দশমিক ৫০ এবং ছাত্রীদের পাসের হার ৯৬ দশমিক ৪৪ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, এই পরীক্ষায় ছাত্রদের সংখ্যা বেশি হলেও জিপিএ-৫ ও গড় পাসের হার মেয়েরা এগিয়ে রয়েছে।