আমাদের জেলা প্রতিনিধিরা জানিয়েছেন, শিক্ষার্থীরা দাবি করেছেন তাদের অনার্স তৃতীয় বর্ষে ঠিক মতো ক্লাস হয়নি। পরীক্ষার প্রস্তুতিও নেই। মাত্র ৬ মাসের মাথায় পরীক্ষা দিয়ে তারা পাস করবেন কীভাবে? অন্তত এক বছর ক্লাস করতে না পারলে তারা পরীক্ষায় অংশ নিতে পারবেন না। তাই অবিলম্বে পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবি জানান তারা।
শনিবার সকালে যশোর সরকারি এমএম কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ এবং ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেন। এ সময় যশোরের মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী সমাবেশ করেন তারা। মানববন্ধন শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সকাল ১১ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেন বরগুনা সরকারি কলেজের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। এসময় তারা শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষা পেছানোর দাবি জানান।
পরীক্ষার সময়সূচি পেছানোর দাবিতে মানববন্ধন করেছেন ভোলা সরকারি কলেজের কয়েকজন শিক্ষার্থী। শনিবার তারা ঘণ্টাখানেক ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে রাখেন।
/এআর/এমএসএম/আপ-এআর/