নতুন করে ১ হাজার ১২৮ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। এছাড়া উচ্চতর গ্রেডের সুপারিশ পেয়েছেন ১ হাজার ৪১৭ জন শিক্ষক কর্মচারী।
সোমবার (১৫ মার্চ) মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম মো. ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাদের এমপিওভুক্ত করা হয়।
নিয়মিত এমপিও বৈঠকে মোট ১ হাজার ৪২০টি আবেদন ছিল। তার মধ্যে যাচাই-বাছাই করে ১ হাজার ১২৮ জন শিক্ষক ও কর্মচারীকে এমপিওভুক্ত করা হয়েছে। যেসব আবেদনে অসঙ্গতি ছিল সেগুলো আরও যাচাই-বাছাই করে পরে সভায় তোলা হবে।
মাউশি সূত্র জানায়, নাম ও বয়স সংশোধন, টাইম স্কেল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তনসহ কয়েকটি বিষয়ে ৪ হাজার ৯৭৫টি আবেদনপত্র জমা পড়ে। নিয়ম অনুযায়ী প্রতি বিজোড় মাসে একবার এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। সে হিসেবে সোমবার (১৫ মার্চ) এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় গত কয়েক মাসে যারা শূন্যপদের বিপরীতে নিয়োগ পেয়ে যোগদান করেছেন, তাদের এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী, উপপরিচালক (মাধ্যমিক) আজিজ উদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।