ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য চেয়েছে সরকার

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ইউনিক দিতে তথ্য চেয়েছে সরকার। রবিবার (২১ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর গত ১৮ মার্চ মহাপরিচালক স্বাক্ষরিত আদেশটি প্রকাশ করেছে। মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত আদেশে সকাল আঞ্চলিক পরিচালকদের নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়।

গত ১৮ মার্চ প্রাথমিক শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রস্তুত করতে শিক্ষার্থীদের প্রোফাইল প্রণয়নের উদ্যোগ নেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর। নির্ধারিত ফরমে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু করা হয়।  

রবিবার (২১ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের আদেশে বলা হয়, বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর ‘এস্টাব্লিশমেন্ট অব ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইইআইএমএস)’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের দুটি বিভাগের আওতাধীন সকল সংস্থা, অধিদফতর, অধিদফতর, শিক্ষা বোর্ড এবং শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সমন্বিত শিক্ষাতথ্য ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ওই প্রকল্পের সিআরভিএস (সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিক) ব্যবস্থার আলোকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাস্তরের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীর ডেটাবেইজ প্রস্তুত। ইউনিক আইডি (ইউআইডি) প্রদান কার্যক্রম শিগগিরই শুরু হবে। এজন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্ধারিত ছকের মাধ্যমে শিক্ষার্থীদের মৌলিক তথ্য ও শিক্ষা সংক্রান্ত তথ্য সংগ্রহের পর ডেটা এন্ট্রির কাজ সম্পন্ন করতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক, উপজেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শিক্ষার্থীদের সঠিক তথ্য দিয়ে জাতীয় গুরুত্বপূর্ণ ওই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হয় আদেশে।

এর আগে গত ১৪ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের কাছে তথ্য চায় ব্যানবেইস।