করোনা মহামারির সময়ে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আর্থিক প্রণোদনা কিংবা বিশেষ বৃত্তি বা অনুদানের ব্যবস্থা করাসহ ছয় দফা দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন৷
বৃহস্পতিবার (১৭ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে দাবি উত্থাপন করেন সংগঠনটির মুখপাত্র অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু৷
তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- সকল শিক্ষার্থীর জন্য বিনা মূল্যে ডিভাইস, খাতা-কলমসহ শিক্ষাসামগ্রী প্রদান এবং মাধ্যমিক পর্যায়ে (স্কুল, মাদ্রাসা, কারিগরি) শিক্ষার্থীদের দুপুরে সরকারি উদ্যোগে খাবার সরবরাহ করা; দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় হতাশাগ্রস্ত হয়ে পড়া ও মোবাইল-ইন্টারনেট আসক্তি শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা; বিভিন্ন বোর্ড কর্তৃক যথাযথ নিয়মে এফিলিয়েশনপ্রাপ্ত সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি (স্বতন্ত্র এবতেদায়ি, অনার্স/মাস্টার্সসহ) প্রতিষ্ঠানসমূহ এমপিওভুক্তির ব্যবস্থা করা; এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সরকারি শিক্ষকদের অনুরূপ শতভাগ বোনাস, উৎসব ভাতা, মেডিক্যাল ভাতা ও বাড়ি ভাড়া প্রদানের ব্যবস্থা গ্রহণ। সর্বোপরি শিক্ষার্থীদের শিক্ষাকাল এবং ভবিষ্যত চাকরি জীবনের কথা বিবেচনায় রেখে অন্তত দুইটি শিক্ষা সেশনের মেয়াদ এক বছরের স্থলে ৮/৯ মাস করা যেতে পারে বলে জানান সংগঠনের মুখপাত্র শাজাহান সাজু।