মাদ্রাসা শিক্ষা বোর্ডের বৃত্তি পাওয়া সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। আগামী ২৫ জুলাইয়ের মধ্যে এই তথ্য পাঠাতে দেশের সকল সরকারি ও বেসরকারি নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়। সোমবার (১২ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।
অফিস আদেশে বলা হয়, গত ১৭ জুন সকল ধরনের বৃত্তির অর্থ জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তির অর্থ পাঠাতে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনার আলোকে ২০১৯-২০২০ অর্থবছর থেকে সরাসরি শিক্ষার্থীর ব্যাংক হিসাবে অর্থ বিতরণ করা হচ্ছে। কিন্তু মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তিপ্রাপ্ত হয়ে কিছু শিক্ষার্থী সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করেছে। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীর বরাদ্দ ও শিক্ষার্থীর সঠিক হিসাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর না থাকায় চলমান বৃত্তি প্রক্রিয়ায় তাদের ব্যাংক হিসাবে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না।