ঢাবি শিক্ষকদের কর্মঘণ্টা বৃদ্ধিসহ চার সুপারিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের কর্মঘণ্টা বৃদ্ধি, অনার্স-মাস্টার্স পর্যায়ে মনোগ্রাফ-থিসিস বাধ্যতামূলক করাসহ চার দফা সুপারিশ করা হয়েছে। অন্য দুটি সুপারিশ হলো— ফ্যাকাল্টি বিশেষজ্ঞদেরকে বিভাগের কাজে সংযুক্তিকরণ ও গবেষণার জন্য তহবিল গঠনের উদ্যোগ।

বুধবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এসব বিষয়ে সুপারিশ করা হয়। সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মকসুদ কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং অধ্যাপকরা উপস্থিত ছিলেন। এ সুপারিশগুলো সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হবে।

সভায় অংশ নেওয়া অ্যাকাডেমিক কাউন্সিলের  একজন সদস্য জানান, সভায় চারটি বিষয়ে সুপারিশ করা হয়েছে। এর প্রথমটি হলো— শিক্ষকদের কর্মঘণ্টা পরিবর্তন করা হয়েছে। সপ্তাহে একজন  প্রভাষক ১৬ ঘণ্টা, সহকারী অধ্যাপক ১৪ ঘণ্টা, সহযোগী অধ্যাপক ১২ ঘণ্টা ও একজন অধ্যাপক ১০ ঘণ্টা ক্লাস নেবেন। পরীক্ষার প্রশ্নপত্র তৈরি, খাতা মূল্যায়ন ও ফলাফল তৈরি অতিরিক্ত বলে গণ্য হবে।

দ্বিতীয় সুপারিশ হচ্ছে— বিষয় অনুযায়ী বিশেষজ্ঞ যারা বিশ্বের অন্য বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত, তাদের তালিকা তৈরি করা। পরবর্তীতে বিভাগের কাজ যেমন- পরীক্ষা পদ্ধতি, এম.ফিল ও পিএইচডি গবেষণায় পর্যবেক্ষক হিসেবে তাদের সংযুক্ত করা। বিভাগে বিভিন্ন বক্তৃতার আয়োজন করা।

তৃতীয় সুপারিশ হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণমূলক কর্মসূচি আরও বৃদ্ধি করা। এ ক্ষেত্রে (সকল বিভাগের শিক্ষকদের জন্য প্রযোজ্য) প্রশিক্ষণমূলক কর্মশালাগুলো সেন্টারের উদ্যোগে আয়োজন করা হবে। বিভাগের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্ট বিভাগ প্রশিক্ষণমূলক কর্মশালার আয়োজন করবে, যা পরবর্তীতে গবেষণায় ফান্ড গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং চতুর্থ সুপারিশ হচ্ছে, মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের যেসব বিভাগে থিসিস কিংবা মনোগ্রাফ নেই সেগুলো বাধ্যতামূলক করা হবে