ব্রিটিশ কাউন্সিল আগামী ১১ সেপ্টেম্বর স্টাডি ইউকে ভার্চুয়াল ফেয়ারের তৃতীয় আসর আয়োজন করতে যাচ্ছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ব্রিটিশ কাউন্সিল।
গত বছরের অক্টোবরে প্রথম এবং এ বছরের ফেব্রুয়ারিতে আঞ্চলিক পরিসরে স্টাডি ইউকে ভার্চুয়াল ফেয়ারের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়।
সংস্থাটি জানায়, স্টাডি ইউকে ভার্চুয়াল ফেয়ারে দক্ষিণ এশিয়ার চারটি দেশ‑ বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালের অংশগ্রহণকারীরা যুক্তরাজ্যে অধ্যয়ন এবং ক্যারিয়ার গঠনের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
১১ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠেয় ভার্চুয়াল ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তরাজ্যের বিভিন্ন ফ্যাকাল্টি লিডার ও প্রোভাইডারদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাবেন। আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা চলাকালীন এই সময়টি বিদেশে উচ্চশিক্ষা সংক্রান্ত পরিকল্পনা শুরু করার ও বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ গ্রহণের উপযুক্ত সময় বলেও জানায় ব্রিটিশ কাউন্সিল।
এই ভার্চুয়াল ফেয়ারে শিক্ষার্থীরা প্রশ্ন পোস্ট করতে পারবেন, চ্যাট রুম ভিজিট করতে পারবেন, ক্যাটালগ ডাউনলোড করতে পারবেন এবং বিজনেস কার্ড বিনিময়ের সুযোগ পাবেন।
আগ্রহী শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে ভার্চুয়াল ফেয়ারে নিবন্ধন করতে পারবেন।
যুক্তরাজ্যের ২৮টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান (৯টি রাসেল গ্রুপ ইউনিভার্সিটি সহ), ব্রিটিশ কাউন্সিল আইইএলটিএস এবং ইউকে ভিসা এবং ইমিগ্রেশনের (ইউকেভিআই) প্রতিনিধিরা এই ভার্চুয়াল ফেয়ারে অংশগ্রহণ করবেন এবং অংশগ্রহণকারীদের কোর্স, ভর্তি প্রক্রিয়া, বৃত্তি এবং আরও অন্যান্য বিষয়ে নির্দেশনামূলক সহায়তা প্রদান করবেন।
ভার্চুয়াল ফেয়ারের আরও বিস্তারিত বিবরণ এবং শিক্ষার্থীদের কীভাবে উন্নতমানের অভিজ্ঞতা পেতে পারেন, সে ব্যাপারে জানা যাবে ওয়েবসাইটে।