সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবি

চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন সারা দেশ থেকে আগত সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে "সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়ন" এই মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বাংলাদেশের প্রায় ৪০০টি সরকারি কলেজ ও তিনটি সরকারি মাদ্রাসার কর্মচারীরা বিগত ৫ থেকে ১৫ বছর ধরে নিয়োগপ্রাপ্ত হয়েও তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে কর্মরত আছি। আমাদের মাসিক বেতন ৩০০০ হাজার থেকে ৭০০০ টাকা। এই অল্প বেতনে আমরা পরিবার-পরিজন নিয়ে খুবই কষ্টে জীবন যাপন করছি।

তারা আরও জানায়, সরকারি কলেজ ও মাদ্রাসায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর কর্তৃপক্ষ ২০১৩ সালে জনবল নিয়োগ দেয়, তবে বেসরকারি কর্মচারীদের কোনও অধিকার দেয়নি। মাউশি কর্তৃপক্ষ আবারও ২০২০ সালে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। সে বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের একটি রিট মামলার নির্দেশনা মোতাবেক অগ্রাধিকার থাকলেও মাউশি কর্তৃপক্ষকে নির্দেশ মানেনি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন দুলাল সর্দার এবং আন্দোলন কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ। এসময় বিভিন্ন জেলার শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।