২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির চূড়ান্ত মূল্যায়নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই অর্জনে অভিনন্দন জানিয়ে পত্র দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিবের মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সই করা আধা-সরকারি পত্র শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়। ওই পত্র বুধবার (১৫ ডিসেম্বর) মন্ত্রণালয়ে পৌঁছে।
পত্রে জানানো হয়, সরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডে দক্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন অভীষ্টগুলো অর্জনের লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রবর্তন করা হয়েছিল। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উন্নয়ন রূপকল্প বাস্তবায়নে সরকারি কর্মসম্পাদনে গতিশীলতা বৃদ্ধির কোনও বিকল্প নেই।
২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির চূড়ান্ত মূল্যায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই অর্জনে আপনাকে এবং আপনার সহকর্মীদের মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এপিএ-তে আপনার বিভাগের অর্জিত নম্বর ৯৮.৪২। এপিএ’র মূল্যায়নে আপনার বিভাগ ৫৩টি কর্মসম্পাদন সূচকের মধ্যে ৪৯টিতে শতভাগ অর্জন করেছে। এই অর্জনের পাশাপাশি ভবিষ্যতে আপনার বিভাগের এপিএ-তে পারফরমেন্সধর্মী কার্যক্রমগুলো অধিকহারে অন্তর্ভুক্ত করা হলে তা এই চুক্তির মূল উদ্দেশ্যগুলো অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।