২০২১-২২ সেশনে ঢাবির ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট থাকছে

নানান তর্ক-বিতর্কের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২১-২২ সেশনের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট রাখার সুপারিশ করেছে ডিন’স সাব কমিটি। এর আগে গত সোমবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘জেনারেল অ্যাডমিশন’ কমিটির সভায় এই ইউনিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ডিনস কমিটির এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে ২০২১-২২ শিক্ষাবর্ষে এ সুপারিশ গৃহীত হয় বলে জানিয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।

তিনি বলেন, ‘গতকাল ডিনস সাব কমিটির মিটিং ছিল। সেখানে আমি ‘ঘ’ ইউনিট রাখার পক্ষে মত দিয়েছিলাম। আজ কমিটির সভায় সার্বিক বিষয় বিবেচনা করে সর্বসম্মতিক্রমে চলতি ২০২১-২২ সেশনে ‘ঘ’ ইউনিট রাখার সুপারিশ করা হয়েছে। বিকালে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এটি চূড়ান্ত হবে।’

ড. জিয়া রহমান বলেন, ‘পরবর্তী সময়ে এই ইউনিট থাকবে কিনা বা কোন প্রক্রিয়া অনুসরণ করা হবে, সেটা আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।’

সভায় উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামানের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালসহ বিভিন্ন অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকরা উপস্থিত ছিলেন।