এসএসসি পরীক্ষা শুরু


এসএসসি পরীক্ষা শুরুআজ সোমবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রুটিন অনুযায়ী আজ দেশব্যাপী একযোগে সকাল ১০টা থেকে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। যা চলে দুপুর ১টা পর্যন্ত। ২৮ হাজার ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ১৪৩টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। তত্ত্বীয় পরীক্ষা ১ ফেব্রুয়ারি শুরু হয়ে ৮ মার্চ শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ৯ মার্চ শুরু হয়ে ১৪ মার্চ শেষ হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্য মতে, আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ১৩ লাখ ৪ হাজার ২৭৪ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৪৮ হাজার ৮৬৫ জন এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে ৯৮ হাজার ৩৮৪ জন পরীক্ষার্থী রয়েছে। মোট ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ছাত্রছাত্রী ১৪ লাখ ৭৪ হাজার ৯২৭ জন। বাকিরা গত বছর ফেল করা কিংবা মান উন্নয়ন পরীক্ষার্থী।
অন্যদিকে, মোট পরীক্ষার্থীর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং আট ৮ আট হাজার ৫৯০ জন ছাত্রী। এসএসসিতে ছয় লাখ ৪২ হাজার ৫০৭ জন ছাত্রের বিপরীতে ছাত্রী ৬ লাখ ৬১ হাজার ৭৬৭ জন। অর্থাৎ ছাত্রী ১৯ হাজার ২৬০ জন বেশি। মোট পরীক্ষার্থীর হিসাবেও গত বছরের তুলনায় এবার ছাত্রী বেড়েছে। গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন অংশ নিয়েছিল। এই হিসাবে এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭২ হাজার ২৫৭ জন। এর মধ্যে ছাত্র বেড়েছে ৭৯ হাজার ৫৯৪ জন আর ছাত্রী বেড়েছে ৯২ হাজার ৬৬৩ জন।
এবার পরীক্ষায় কিছু পরিবর্তন আনা হয়েছে। বাংলা দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে। গত বছর চালু হওয়া শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা বিষয়েও এবার সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হবে। এবার বিদেশের আটটি কেন্দ্রে পরীক্ষায় বসবে ৪০৪ জন শিক্ষার্থী; এর মধ্যে ২০১ জন ছাত্র এবং ২০৩ জন ছাত্রী। এবার প্রথমবারের মতো সাতজন অটিস্টিক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের জন্য ৩০ মিনিট সময় বেশি রাখা হয়েছে। তবে অন্য প্রতিবন্ধীদের বাড়তি সময় আগের মতোই ২০ মিনিট রাখা হয়েছে।
এ ছাড়া, প্রশ্নফাঁসের কোনও সুযোগ নেই বলে গত শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণমাধ্যমকে জানান। তিনি বলেন, ফেসবুকে ভুয়া প্রশ্ন ছাড়লে সঙ্গে সঙ্গেই বিটিআরসি ব্যবস্থা নেবে।

এদিকে, রবিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. শ্রীকান্ত কুমার চন্দ বাংলা ট্রিবিউনকে বলেন, গোয়েন্দা টিম সার্বক্ষণিক মনিটরিং করছে। মনিটরিং টিম প্রশ্নফাঁসসহ যেকোনও ধরনের প্রতারণার অভিযোগ পেলে তারা সঙ্গে সঙ্গে অ্যাকশনে যাবে।

এদিকে, দেশের বৃহত্তম এই পাবলিক পরীক্ষায় রাজধানী ঢাকার পরীক্ষার্থীরা যেন সময়মতো পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারে এবং তাদের যানজটের ঝামেলা পোহাতে না হয়, সেজন্য নিজের অফিস যাত্রার সময়সূচি পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী নিয়ম মাফিক সকাল ৯ টায় তার কার্যালয়ে প্রবেশ করলেও আজ সোমবার পরীক্ষার্থীদের কারণে সকালে সাড়ে দশটায় তার কার্যালয়ে প্রবেশ করবেন। এছাড়াও সচিবালয়ে প্রতি সোমবারের নির্ধারিত মন্ত্রিসভার বৈঠকটিও পরীক্ষার্থীদের সুবিধার্থে সচিবালয়ের পরিবর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।  প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন। ছবি: নাসিরুল ইসলাম

/আরএআর/এমএনএইচ/