বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় তাদের ক্যম্পাসে ছাত্র রাজনীতি করতে দেবে না। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শাহিদুল হাসান শিক্ষার্থীদের ই-মেইলের জবাবে বিষয়টি জানিয়ে দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুশফিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির বিষয়ে উপচার্যকে ই-মেইলে প্রশ্ন করেছিলেন। উপাচার্য তাদের জবাব দিয়ে জানিয়ে দিয়েছেন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি করার অনুমোদন দেওয়া হবে না।
ইমেইলের জবাবে উপাচার্য অধ্যাপক এম এম শাহিদুল হাসান বলেন, ‘ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করার কোনও অনুমতি দেওয়া হবে না। এ বিষয়ে আমরা খুবই কঠোর।’
রেজিস্ট্রার মুশফিকুর রহমান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছে সেশন জটের কারণে। অনেক শিক্ষার্থী পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় না, অনেক শিক্ষার্থী সুযোগ পায় না। তাই ঢাকার মধ্যে থেকে লেখাপড়া করতে চায় তারা। তাছাড়া কারিকুলাম ওয়েস্টার্ন টাইপ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি কখনও ছিল না, সেই পরিবেশটা এখানে নেই।
রেজিস্ট্রার মুশফিকুর রহমান বলেন, ‘ছাত্রলীগের কথা বলা হচ্ছে না। ক্যাম্পাসের মধ্যে যেকোনও রাজনৈতিক সংগঠনের ছাত্র রাজনীতি নেই। ভিসি স্যার অনুমোদন দেবেন না বলেছেন, তিনি এ ব্যাপারে কঠোর। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিরাও দেবেন না।’