ছয় মাসেও শপথবিহীন গবির এক বছরের ছাত্র সংসদ কমিটি

গণ বিশ্ববিদ্যালয়এক বছরের জন্য নির্বাচিত হওয়ার পর ছয় মাস পেরিয়ে গেলেও এখনও শপথ নেয়নি সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ২য় কমিটি।
ছয় মাস আগে (২৭ জুলাই ২০১৫) কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সব পদ পূরণ হয়নি এখনও। মনোনয়ন পত্র না পাওয়ায় খালি রয়ে গেছে সহ-ক্রীড়া সম্পাদক মহিলা (আউটডোর), সহ-সাহিত্য ও ম্যাগাজিন সম্পাদক, সহ-নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক, সহ-সেমিনার ও বিতর্ক সম্পাদক এবং পাঁচ সদস্যপদসহ মোট ৯টি পদ।
এর মধ্যে চারটি পদে প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ভোট গ্রহণ সম্পন্ন হয়নি। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. সিরাজুল ইসলাম নির্বাচনপরবর্তী সময়ে খালি পদগুলো পূরণ করার আশ্বাস দিয়েছেন।
সকল পদ পূর্ণ না হওয়ায় ছাত্রকল্যাণে নির্বাচিত প্রতিনিধিদের দেওয়া প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পদক্ষেপ নিতে পারছে না এই অচল কমিটি। নির্বাচনে বিভিন্ন বিভাগ থেকে নির্বাচিত ২৬ প্রতিনিধির মধ্যে ২৪ জন ভোটে অংশ নেয়।
ছাত্র সংসদের শপথের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন জানান, শপথ খুব দ্রুত অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট কোনও তারিখ উল্লেখ করতে তিনি পারেননি।   

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ কমিটি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র সচল ছাত্র সংসদ কমিটি হিসেবে কাজ চালিয়ে যাচ্ছে।

/এইচকে/