উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সেবাদান প্রক্রিয়া সহজ করতে আধুনিক তথ্য-প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ই-গর্ভন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২২-২৩ বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় এ আহ্বান জানানো হয়। ইউজিসি’র ইনোভেশন টিম দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, সেবা প্রদানে নাগরিকের সময়, অর্থ সাশ্রয় এবং একটি ভিন্ন মাত্রা যুক্ত করতে হবে। কর্মক্ষেত্রে প্রশিক্ষণের কোনও বিকল্প নেই। পরিবর্তিত সমাজে সরকারি সেবার ধরনেও পরিবর্তন এসেছে। প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেককে দক্ষ করে গড়ে তুলতে হবে এবং নাগরিকের প্রত্যাশিত সেবা দ্রুততম সময়ে যথাযথভাবে প্রদান করতে হবে। সেবা প্রদানে নাগরিকের সন্তুষ্টি অর্জন ও ভোগান্তি কমাতে হবে।
অধ্যাপক আলমগীর আরও বলেন, দেশের আর্থ-সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্ভাবন ও ই-গর্ভন্যান্স কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। উদ্ভাবনী ধারণা নিয়ে বসে না থেকে সেটি বাস্তবায়নের দিকে নজর দিতে হবে।’
কমিশনের আইএমসিটি বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্সপার্সন ছিলেন মার্চ রোবটিক্স অ্যান্ড আইটি সল্যুশনের সিইও এবং পরিচালক ইঞ্জিনিয়ার কাউসার আহমেদ।
ইউজিসি’র ইনোভেশন টিমের ফোকাল পয়েন্ট মো. রবিউল ইসলাম কর্মশালা সঞ্চালনা করেন। কর্মশালায় কমিশনের ৩০ জন সিনিয়র সহকারী পরিচালক, সহকারী পরিচালক ও সমমান কর্মকর্তা অংশ নেন।