প্রথম দিন আড়ম্বরপূর্ণভাবে সারা দেশে অনুষ্ঠিত হলো বই উৎসব। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণের মাধ্যমে শুরু হয় এই উৎসব আয়োজন।
কেন্দ্রীয়ভাবে প্রাথমিকের বই উৎসবের উদ্বোধন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে। উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাকে আরও উন্নত করতে হবে, আর উন্নত শিক্ষায় শিশুরা আগামীর আলোকিত বাংলাদেশ গড়বে। আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সব বই কাগজের অভাবে প্রেস থেকে দিতে পারেনি। আগামী এক মাসের মধ্যে আমরা সব বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করতে পারবো আশা করি।