প্রায় এক কোটি ৩০ লাখ শিশুর জীবন বদলে দেওয়া ব্র্যাকের শিক্ষা কর্মসূচির নানা কার্যক্রম দেখতে বাংলাদেশে এসেছেন দক্ষিণ সুদানের শিক্ষামন্ত্রী আওয়াট ডেং একুইল। গত ১৩ মে একটি প্রতিনিধি দল নিয়ে তিনি বাংলাদেশে আসেন। আগামী ১৭ মে পর্যন্ত এই দলটি বাংলাদেশে অবস্থান করবে।
মঙ্গলবার (১৫ মে) ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ব্র্যাকের আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট সেন্টার ‘প্লে-ল্যাব’ ও ব্র্যাকের নানামুখী শিক্ষা কার্যক্রম পরিদর্শন করবেন এবং শিক্ষার্থী, প্লে লিডার্স ও অভিভাবকদের সঙ্গে মিলিত হবেন। প্লে-ল্যাব ব্র্যাকের এমন একটি শিক্ষা উদ্যোগ, যেখানে শিশুদেরকে খেলাচ্ছলে শেখানো হয়। ‘প্লে-ল্যাব’-এর শিক্ষকদের বলা হয় ‘প্লে লিডার’।
প্রতিনিধি দলের সদস্যরা ব্র্যাক স্কুলও পরিদর্শন করবেন। সেখানে তারা ঝরেপড়া শিশুদের শিক্ষার ক্ষতি পুষিয়ে নিতে গ্রহণ করা বিশেষ কর্মসূচি ‘এক্সিলারেটেড লার্নিং প্রোগ্রাম’ পর্যবেক্ষণ করবেন।
ব্র্যাক ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক শামেরান আবেদ বলেন, ‘ব্র্যাক বিকল্প শিক্ষার অগ্রদূত। আমরা দক্ষিণ সুদানে ২০০৮ সাল থেকে কমিউনিটিভিত্তিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে স্কুলের বাইরে থাকা শিশু ও তরুণদের সহায়তা করার চেষ্টা করছি। আশা করি, এই সফরের মাধ্যমে আমরা দুই দেশ অভিজ্ঞতা বিনিময় করতে পারবো, যার ইতিবাচক প্রভাব পড়বে দক্ষিণ সুদানের শিক্ষা খাতে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ব্র্যাক ২০০৬ সালে দক্ষিণ সুদানে কার্যক্রম শুরু করে। বর্তমানে ব্র্যাক যুব উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য, মাইক্রোফাইন্যান্স এবং চরম দারিদ্র্য দূরীকরণে নানা কর্মসূচি নিয়ে সেখানে কাজ করছে। কন্যা শিশু, যুবক, নারী, অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যূত এবং বিদেশ প্রত্যাগত ব্যক্তিসহ ঝুঁকিতে থাকা মানুষদেরকে নিয়ে মানবিক উন্নয়ন ও শান্তি প্রক্রিয়ার মাঝে সেতুবন্ধন তৈরিতে ব্র্যাক কাজ করে যাচ্ছে।
দক্ষিণ সুদানের চারটি রাজ্যে ১০১টি কমিউনিটি স্কুল পরিচালনায় ব্র্যাক সেখানকার জেনারেল এডুকেশন অ্যান্ড ইনস্ট্রাকশন মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। বিকল্প শিক্ষা ব্যবস্থাকে সহায়তা দিতে জেন্ডার সমতাকে বিশেষ গুরুত্ব দিয়ে দক্ষিণ সুদানে ব্র্যাক হিউম্যান রাইটস অ্যাপ্রোচ গ্রহণ করেছে। কমিউনিটিভিত্তিক শিক্ষানীতি, শিক্ষক প্রশিক্ষণ গাইড এবং ক্লাসরুম অবজারভেশন ট্যুল তৈরিতে ব্র্যাক দেশটির সরকারের সঙ্গে কাজ করছে।