আর্থিক বিধান মানতে বিশ্ববিদ্যালয়গুলোকে ইউজিসি’র আহ্বান

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় অডিট আপত্তি শূন্যের কোঠায় নামিয়ে আনতে পাবলিক প্রকিউরমেন্ট আইন, নবম পে-স্কেল, সাধারণ আর্থিক নীতিমালা, রাজস্ব নীতিমালা, আর্থিক অনুমোদন ক্ষমতার যথার্থ প্রয়োগ এবং খরচের সঠিকভাবে বিল উপস্থাপনের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বুধবার (৩০ আগস্ট) ‘অডিট ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম (এএমএমএস) ২.০’ সফটওয়্যার ব্যবহার বিষয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

ঢাকা অঞ্চলের ৯টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এএমএমএস সফটওয়্যার বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানের আয়োজন করে ইউজিসি। সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার এবং দ্রুত সেবা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে অধ্যাপক আবু তাহের বলেন, বিশ্ববিদ্যালয়ে অডিট আপত্তি যেন না হয় সেজন্য সরকারের ক্রয়নীতি অনুসরণ, বিলগুলোর সঙ্গে ভাউচার ও ভ্যাট-ট্যাক্স যথানিয়মে পরিশোধের তথ্য, বেতন-ভাতার ক্ষেত্রে জাতীয় পে-স্কেল মেনে চলতে হবে। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং অডিট আপত্তি থেকে পরিত্রাণ পেতে আর্থিক নিয়মাবলি যথাযথভাবে অনুসরণ করা প্রয়োজন। 

তিনি আরও বলেন, অডিট ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম সফটওয়্যার ব্যবহারের ফলে আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি জোরদার এবং গতিশীলতা বাড়বে। অডিট প্রক্রিয়া আরও কম সময়ে স্বল্প খরচে করা সম্ভব হবে এবং অডিট আপত্তির সংখ্যাও কমে আসবে।

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. রেজাউল করিম হাওলাদার স্বাগত বক্তব্য দেন। 

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা অডিট অধিদফতরের উপপরিচালক সুনিল কুমার সিংহ এবং এএমএমএস সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার মো. শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে ড. ফেরদৌস জামান বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে আর্থিকসহ সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত, জনগণের ট্যাক্সের অর্থের সঠিক ব্যবহার করা এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের সেবাগুলো দ্রুত অটোমেশনের আওতায় নিয়ে আসা ইউজিসির অন্যতম লক্ষ্য। এএমএমএস সফটওয়্যার ব্যবহার বিষয়ে এই প্রশিক্ষণ অডিট আপত্তি নিষ্পত্তি করতে সহায়ক হবে বলে।

ইউজিসির উপপরিচালক (অডিট) মো. আব্দুল মান্নানের উপস্থাপনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অডিট সেল প্রধান ও অডিট সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।