দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সার্বিক পরিস্থিতি উন্নয়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়ার নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২৭ আগস্ট) শিক্ষা উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ আহ্বান জানান।
বুধবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. জীনাত হুদা, অধ্যাপক ড. মো. মোতাহার হোসেন, অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার, অধ্যাপক ড. মো. মুমিন উদ্দিন ও অধ্যাপক ড. মো. আলমগীর কবীর।
সাক্ষাতে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, শিক্ষকদের প্রস্তাবিত সুপার গ্রেড, স্বতন্ত্র বেতন স্কেল এবং শিক্ষাঙ্গনের সার্বিক পরিস্থিতি নিয়ে উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা অত্যন্ত আন্তরিকভাবে শিক্ষক প্রতিনিধিদের কথা শোনেন এবং যৌক্তিক প্রত্যেকটা বিষয়ে সহমত পোষণ করেন। শিক্ষাঙ্গনে বিরাজমান কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং সবাইকে অত্যন্ত ধৈর্যশীল হয়ে শিক্ষার সার্বিক পরিস্থিতি উন্নয়নের আহ্বান জানান। জোর জবরদস্তি করে শিক্ষকদের পদচ্যুতিতে তিনি ভীষণ মর্মাহত ও উদ্বিগ্ন। শিক্ষকদের ওপর অনাকাঙ্খিত আচরণ শাস্তিযোগ্য অপরাধ এবং শক্তি প্রয়োগে কাউকে পদত্যাগ করানো কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলে তিনি মত প্রকাশ করেন। এ বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি পরিপত্র জারি করবেন বলে তিনি প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।