দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যথাযথ সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে শিক্ষা মন্ত্রণালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ত্রিপক্ষীয় সভা ডাকবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
রবিবার (২২ ডিসেম্বর) ইউজিসি অডিটোরিয়ামে ২০২৪-২৫ অর্থ বছরে মূল এডিপি বাস্তবায়ন অগ্রগতি ও আরএডিপি পর্যালোচনা সভায় এ তথ্য জানান ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান।
ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মনোনীত প্রতিনিধি এবং প্রকল্প পরিচালকরা অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন— ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল হক আকন্দ, হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের অতিরিক্ত পরিচালক শাহ মোহাম্মদ আমিনুল ইসলামসহ ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় অধ্যাপক তানজীমউদ্দিন বলেন, ‘২০২৪-২৫ অর্থ বছরে মূল এডিপিভুক্ত প্রকল্পের সংখ্যা ৩৩টি। এসব প্রকল্পের অনুকূলে প্রায় পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উচ্চশিক্ষার মানোন্নয়নে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধি ও প্রকল্পের অর্থ ছাড়ে ধীরগতি নিরসন করা জরুরি। রাজনৈতিক পট পরিবর্তনসহ নানা কারণে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এসব প্রকল্প দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, ইউজিসির মধ্যে একটি সমন্বয় সভা আহ্বান করা দরকার।’
তিনি বলেন, ‘উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলোকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। চলমান প্রকল্পগুলো বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইউজিসি একটি টিম হিসেবে কাজ করবে।’
তিনি আরও বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের জটিলতা নিরসন ও সংশ্লিষ্ট আইন জনবান্ধব করার জন্য বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও বিশেষজ্ঞদের নিয়ে একটি সংস্কার কমিটি করা প্রয়োজন। কমিটির সংস্কার প্রস্তাব ত্রিপক্ষীয় সভায় তুলে ধরা যেতে পারে।’
অনুষ্ঠানে যথাসময়ে ও গুণগতমান বজায় রেখে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে ইউজিসির পক্ষ থেকে পূর্ণকালীন প্রকল্প পরিচালক নিয়োগ, পিডিদের অর্থ ব্যয়ের ক্ষমতা দেওয়া, অর্থ ব্যয়ের কর্মপরিকল্পনা তৈরি, প্রকল্প প্রস্তাব প্রণয়ন, অনুমোদন ও বাস্তবায়নে সরকারের বিধি বিধান মেনে চলা, প্রকল্প ব্যবস্থাপনা ও সক্ষমতা বিষয়ে প্রশিক্ষণ আয়োজন ও প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি তদারকিসহ বিশ্ববিদ্যালয়গুলোকে ১৪টি পরামর্শ দেওয়া হয়।
পর্যালোচনা সভায় ইউজিসির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের উপ-পরিচালক রোকসানা লায়লা ২০২৪-২৫ অর্থ বছরে মূল এডিপি বাস্তবায়ন অগ্রগতি, প্রস্তাবিত আরএডিপি, প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় তুলে ধরেন।
সভায় উপাচার্যরা শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, শিক্ষণ দক্ষতা বৃদ্ধি এবং মাস্টার্স শিক্ষার্থীদের গবেষণা ভাতা উন্নয়ন প্রকল্প থেকে দেওয়ার দাবি জানান। এছাড়া, তারা যত্রতত্র বিশ্ববিদ্যালয়ের অনুমোদন না দেওয়া এবং প্রকল্পের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে ইউজিসিকে অনুরোধ করেন।