উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন ড. ছিদ্দিকুর রহমান খান

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। সোমবার (১৬ মার্চ) বিকাল ৪টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির দু’বারের নির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান। এছাড়াও ঢাবির প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের জন্ম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গলাচিপা গ্রামে। ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে তিনি স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি। তার গবেষণার শিরোনাম ‘নবাবী বাংলার রাজনীতি ও অভিজাত শ্রেণি: একটি সমাজতাত্ত্বিক অধ্যয়ন’।

১৯৯৫ সালে বি এ এফ শাহীন কলেজ, ঢাকায় লেকচারার হিসেবে কর্মজীবন শুরু করেন ছিদ্দিকুর রহমান। ১৯৯৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে যোগদান করেন এবং বর্তমানে এ বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।