অধিদফতরে আগুনের ঘটনায় কমিটি গঠনের নির্দেশ

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে কমিটি গঠনের নির্দেশ দেন তিনি।

শুক্রবার (১ মে) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন।‌ এ সময় সচিবকে কমিটি গঠনে নির্দেশ দেন মন্ত্রী।

আজ ভোরে আনুমানিক ৫টার দিকে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানায় মন্ত্রণালয়।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

ঘটনাস্থল পরিদর্শনকালে মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। তিনি এ ঘটনার পেছনে নাশকতামূলক কোনও কর্মকাণ্ড রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশকে নির্দেশনা দেন। ঘটনাটি তদন্তপূর্বক দ্রুত প্রতিবেদন দেওয়ার জন্যও পুলিশকে তাগিদ দেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদফরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।